দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে এমপিরা আর শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না।
রোববার সংসদে কণ্ঠভোটে ‘দ্য মেম্বার্স অব দ্য পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল’ পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমানো, কর ব্যবস্থায় সমতা আনা এবং রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ বিভাগ থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়, ১৯৭৩ সালের আইনের আওতায় সংসদ সদস্যরা এতদিন শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করতেন। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনমত এবং জবাবদিহি নিশ্চিতের প্রয়োজনে এ সুবিধা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের ভাষ্য, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করতেই সংশ্লিষ্ট অনুচ্ছেদ বিলুপ্ত করা হয়েছে।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, জনপ্রতিনিধিদের জন্য অতিরিক্ত সুবিধা না নেওয়ার বিষয়ে সংসদীয় দলে সিদ্ধান্ত হয়েছে।
১৯৮৭ সালে এরশাদ সরকারের সময়ে চালু হওয়া এ সুবিধি দীর্ঘদিন ধরেই সমালোচিত ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত এ সুবিধায় ৫৭২টি গাড়ি আমদানি করেছেন সংসদ সদস্যরা। এতে প্রায় ৫১.৪৭ বিলিয়ন টাকার রাজস্ব ছাড় দেওয়া হয়েছে।
এমএস/